
কখনও চাকা ফেটে যাচ্ছে। কখনও যান্ত্রিক ত্রুটিতে মাঝ আকাশ থেকে ফিরছে বিমান। কখনও ছাড়তে দেরি হচ্ছে। মাঝে বোমাতঙ্কে ফ্লাইট ডাইভারশানের খবর এসেছে। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর বিমান বিভ্রাটে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এয়ার ইন্ডিয়ার ওপরেই।
রবিবারই এয়ারলাইন্স জানিয়েছে, ১৫ জুলাই পর্যন্ত বেঙ্গালুরু-সিঙ্গাপুর, পুনে-সিঙ্গাপুর এবং মুম্বই-বাগডোগরা ফ্লাইট বন্ধ থাকবে। পাশাপাশি ১৯টি ডোমেস্টিক রুটে ফ্লাইট কমিয়েও দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে কলকাতা-দিল্লি এবং কলকাতা-মুম্বই উড়ানও।
শহর থেকে দিল্লিতে সপ্তাহে ৭০টি ফ্লাইট চলত। ১৫ জুলাই পর্যন্ত চলবে ৬৩ টি ফ্লাইট। মুম্বইয়ে সপ্তাহে ৪২টির জায়গায় ৩০ টি ফ্লাইট চলবে।








