
ফের দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার বিমান। বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে ঘষটে গিয়েছে উড়ানের লেজ। এরপরই হুলস্থুল পড়ে যায়। তবে ঘটনায় যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার এআই-২৬৫১ বিমানটিতে মোট ১৭৯ জন যাত্রী ছিলেন।
নির্ধারিত সময়ে উড়ানটি দিল্লি থেকে বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করে। ঠিক তখনই ঘটে যায় বিপত্তি। অবতরণের সময় বিমানটির লেজ রানওয়ের সঙ্গে ঘষটে যায়। তারপরই বিমানটিতে প্রচণ্ড ঝাঁকুনি দেয়। এর জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
বিমানের ভিতর কার্যত হুলস্থুল পড়ে যায়। তবে বিমানটিকে যথাযথভাবে অবতরণ করান পাইলট। তারপর যাত্রীদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে বিমানটি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, ওই বিমানটি যখন অবতরণের জন্য বিমানবন্দরের রানওয়েতে নামছিল, তখন অন্য একটি উড়ান বিমানবন্দর থেকে উড়ছিল। টার্বুলেন্সের কারণে দুর্ঘটনাটি ঘটে। গোটা ঘটনার জন্য যাত্রীদের কাছে আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থনা করেছে বিমান সংস্থাটি।








