
আকাশপথে হামলার জবাব আকাশপথেই। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার পাল্টা এ বার প্রত্যাঘাত তালিবানের।
আফগানিস্তানের তালিবান প্রশাসন দাবি করেছে, বুধবার তারা পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে অবস্থিত ইসলামিক স্টেট খোরাসান-এর সন্দেহভাজন ঘাঁটিগুলিতে এয়ার স্ট্রাইক করেছে। এই ঘটনায় দুই দেশের সীমান্তে নতুন করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। তবে ইসলামাবাদ এখনও এই হামলা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলোনিউজ সোশ্যাল মিডিয়ায় বিবৃতি প্রকাশ করে এই হামলার কথা জানিয়েছে। আফগানিস্তানে ঢুকে পাকিস্তান সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছে। রক্তপাতের বদলায় ইসলামিক স্টেট খোরাসান-এর ঘাঁটিগুলিতে হামলা চালানো হয়েছে।
মূলত পাকিস্তানের বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ায় এয়ার স্ট্রাইক করা হয়েছে বলে দাবি। ক্ষয়ক্ষতি বা হতাহত নিয়ে এখনও কোনও দাবি সামনে আসেনি।
