
সূর্যের আলোকে জেট বা বিমান জ্বালানিতে রূপান্তর করে এমন সৌরশক্তিচালিত যন্ত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা।তাদের দাবি, বায়ুমণ্ডলে কার্বন না ছড়িয়েই জেট জ্বালানি তৈরিতে সাহায্য করবে এটি।এ সৌরশক্তিচালিত যন্ত্রটি তৈরি করেছেন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি বা ক্যালটেকের বিজ্ঞানীরা।এদিকে জ্বালানির চাহিদা বেড়ে যাওয়া ও জলবায়ু পরিবর্তনের পরিস্থিতি আরও খারাপ হওয়ায় পরিবেশবান্ধব জ্বালানির উৎস খুঁজে বের করা আরও জরুরি হয়ে উঠেছে,বিশেষ করে বিমান চলাচলের মতো ক্ষেত্রে,যেখানে কার্বনভিত্তিক জ্বালানি এখনও ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
এ সমস্যা সমাধানে সহায়তার জন্য আমেরিকার জ্বালানি মন্ত্রণালয়ের ‘লিকুইড সানলাইট অ্যালায়েন্স’ বা এলআইএসএ’র সঙ্গে কাজ করে একটি ছোট ডিভাইস বা যন্ত্র তৈরি করেছে ক্যালটেকের গবেষণা দলটি,যা সূর্যের আলো ব্যবহার করে জীবাশ্ম জ্বালানি বা বিদ্যুৎ নয় বরং বিমানের জ্বালানি তৈরির জন্য তাপ উৎপাদন করতে পারে। বলা হচ্ছে,ফটোথার্মোক্যাটালাইটিক রিঅ্যাক্টর নামে পরিচিত এ ডিভাইসটি সূর্যের আলোকে ধারণ করে ও জ্বালানি তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক বিক্রিয়াকে শক্তি দিতে তা তাপে পরিণত করে।এ সিস্টেমটিকে বিশেষ করে তোলে এর সূর্যালোক শোষক স্তর।
এটি ডিভাইসটির এমন একটি অংশ,যা তাপকে বেরিয়ে যেতে বাধা দেওয়ার সঙ্গে সঙ্গে যতটা সম্ভব সূর্যের আলো শোষণ করার জন্য ডিজাইন করেছেন গবেষকরা।এজন্য সিলিকন,জার্মেনিয়াম, সোনা ও রুপোর মতো উপাদান ব্যবহার করে একটি স্তরওয়ালা কাঠামো তৈরি করেছে গবেষণা দলটি, যেখানে প্রতিটি স্তর একটি নির্দিষ্ট ভূমিকা রেখেছে এবং এগুলো একসঙ্গে ডিভাইসটিকে কেবল সূর্যের আলো ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া চালানোর জন্য যথেষ্ট গরম হতে সাহায্য করে।






