
বলিউডের অন্দরে ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদের খবর বারবার উঠেছে। আর তা বারবার নস্যাৎ করে দিয়েছেন তারকা-দম্পতি। নতুন বছরেও তার ব্যতিক্রম হয় নি।
সোশাল মিডিয়ায় বচ্চন দম্পতির নিউ ইয়ার কাটানোর ছবি দেখেই বোঝা গিয়েছে যে তাঁদের মধ্যে যে দূরত্বের গুঞ্জন দানা বেঁধেছিল তা নেই।বরং আরাধ্যাকে সঙ্গে নিয়ে দু’জনে মিলে বিদেশে নতুন বছরের আবহে ছুটি কাটাতে গিয়েছেন অভিষেক ও ঐশ্বর্য। নিউ ইয়র্কে ছুটি কাটাচ্ছেন দম্পতি। নিউ ইয়ারের আবহে বিদেশে ছুটি কাটানোর মাঝে তোলা ছবি তাঁরা দু’জনের কেউই শেয়ার করে নেননি সোশাল মিডিয়ায়। কারণ নিজেদের জীবন একান্তই ব্যক্তিগত রাখতে পছন্দ করেন তাঁরা। বরং বিদেশের বুকে তারকাদম্পতির সঙ্গে তোলা ছবি এক ফ্যান ফলোয়ার সোশাল মিডিয়ায় পোস্ট করতেই তা রীতিমতো ভাইরাল হয়েছে। আর সেখান থেকেই জানা যায় যে, বিদেশে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন তাঁরা দু’জন।
বলে রাখা ভালো ডিসেম্বরেই তাঁদের মুম্বই এয়ারপোর্টে একসঙ্গে দেখা গিয়েছিল অভিষেক ও ঐশ্বর্যকে। বিদেশে ছুটি কাটাতে যাওয়ার আগে শেষবার একসঙ্গে দেখা দিয়েছিলেন তাঁরা। ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সেই এয়ারপোর্ট লুকের ছবি ও ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়।
