
আর জি কর দুর্নীতি মামলায় শেষপর্যন্ত আদালতে আত্মসমর্পণ করেছেন আখতার আলি। আলিপুরের বিশেষ সিবিআই আদালতে মঙ্গলবার সকালে পৌঁছে গিয়েছিলেন আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার।
আদালতে আত্মসমর্পণের পর অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেছেন। যদিও জামিনের বিরোধিতা করে সিবিআই এবং সন্দীপ ঘোষের আইনজীবী। তাঁদের বক্তব্য আদালতের নির্দেশ অমান্য করেছেন আখতার আলি। মিডিয়ায় বাইট দিতে পারছেন, অথচ আদালতে হাজিরা দিতে পারেননি। বারবার হাজিরা এড়িয়েছেন। এর আগে শনিবার আত্মসমর্পণ না করতে পেরে আদালত থেকে ফিরতে হয় আখতার আলিকে। গ্রেফতারি পরোয়ানা জারি হতে নার্সিংহোম থেকে সোজা আলিপুর সিবিআইয়ের বিশেষ কোর্টে আত্মসমর্পণের জন্য গিয়েছিলেন আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার। যদিও আত্মসমর্পণের আগে কোর্টে যে প্রয়োজনীয় নথি জমা দিতে হয় তা দেননি আখতার আলি। সেই সময় আদালতে সিবিআই-র কোনও প্রতিনিধিই ছিলেন না। শেষ পর্যন্ত আত্মসমর্পণ না করতে পেরে ফিরতে হয়েছে আখতার আলিকে। শুক্রবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন বিচারক। দুর্নীতির অভিযোগ তোলা আখতার আলিকেই গত বছর নভেম্বরে দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল।
তাঁর বিরুদ্ধে সরঞ্জাম পাইয়ে দেওয়ার বদলে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। কিন্তু ইস্তফা গ্রহণ না করে আখতার আলিকে সাসপেন্ড করে স্বাস্থ্য দফতর। তিনিই আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম দুর্নীতির অভিযোগ তুলেছিলেন।






