৭০০ স্টান্টম্যানের ‘ত্রাতা’ অক্ষয় 

0
190
ছবি সৌজন্যে : এক্স

দানধ্যানে এগিয়ে,দেশের দুর্যোগে ঝাঁপিয়ে পড়েন। নিজের টাকা খরচ করে প্রাকৃতিক বিপর্যয়ে পড়া দুস্থদের কখনও ঘর বানিয়ে দেন, কখনও খাবার।

আবার ভারতীয় নাগরিকত্ব না থাকাকালীনও দায়িত্ববাণ নাগরিকের মতো দেশের সীমান্তরক্ষীদের জন্যেও কর্তব্য পালন করেছেন। একাধিকবার মহানুভবতার পরিচয় দিয়েছেন অক্ষয় কুমার। তবে এবার বলিউডের সাতশো স্টান্টম্যানের জন্য যা করলেন, তাতে খিলাড়িকে ধন্য ধন্য করছেন কলাকুশলীরা।খবর, হিন্দি সিনেদুনিয়ার সাড়ে ছ’শো থেকে সাতশো স্টান্টম্যানের জীবনের ত্রাতা হয়ে উঠেছেন তিনি। জানা গিয়েছে, দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির জনপ্রিয় স্টান্টম্যান এসএম রাজুর মৃত্যুর থেকে শিক্ষা নিয়েই নিজের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য দারুণ পদক্ষেপ করেছেন অক্ষয় কুমার। বলিপাড়ার প্রত্যেক স্টান্টম্যানের জন্যই জীবনবিমা করে দিয়েছেন খিলাড়ি।প্রসঙ্গত, এযাবৎকাল হাড়হিম করা অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করতে গিয়ে একাধিক স্টান্টম্যানের মৃত্যু হয়েছে। কখনও বা আবার বড়সড় চোট পেয়ে তাঁদের জীবনে নেমে এসেছে বিপর্যয়ের খাঁড়া।স্টান্টম্যানরা বরাবর জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। অনেকসময় সেটে তাঁদের জন্য যথাযথ চিকিৎসা ব্যবস্থাও থাকে না। উপরন্তু হিরো’দের মতো আপ্যায়ন থেকেও ব্রাত্য তারা। হাড় কাঁপানো শীত হোক বা জ্বলন্ত লাভার মতো গরম, সব মরশুমেই নিজের জীবন বাজি রেখে পর্দায় হিরোদের জন্য তুখড় মারপিটের দৃশ্য ফুটিয়ে তোলেন তাঁরা।

কিন্তু ছবির সেটে কোনও দুর্ঘটনা ঘটলে সেই খেসারত দিতে হয় তাঁদের কিংবা তাঁদের পরিবারকে। এবার সেসব স্টান্টম্যানের জন্যই জীবন বিমা করিয়ে দিয়েছেন অক্ষয় কুমার।