
ইরানের সঙ্গে ইসরায়েল ও আমেরিকার যুদ্ধ ঘিরে টানা ১৭ দিন ধরে বন্ধ রয়েছে পবিত্র মসজিদুল আকসা। এরই মধ্যে পবিত্র লাইলাতুল কদরেও ইসরায়েলি দখলদার বাহিনী পবিত্র এ মসজিদের প্রবেশে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে।
উল্লেখ্য,প্রতিবছর রমজান মাসে বিশেষত ২৭তম রাতের পবিত্র লাইলাতুল কদরে এ মসজিদে কয়েক লাখ প্যালেস্টাইনি নামাজ ও ইতিকাফ করে থাকেন।কিন্তু এবছর মসজিদ ও এর সুবিস্তৃতি প্রাঙ্গণজুড়ে বিরাজ করছে সুনসান নিরবতা।মসজিদের অলিগলিতে অবস্থান করছে ইসরায়েলি টহলদার বাহিনী। আর মুসল্লিরা মসজিদের কাছাকাছি এলাকায় অবস্থান নিয়ে নামাজ আদায় করেন। দ্য প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টার জানিয়েছে, ১৯৬৭ সালে জেরুজালেম দখলের পর এবারই প্রথম টানা ১৬ দিন রমজানের শেষ দশকে পবিত্র মসজিদুল আকসায় মুসল্লিদের নামাজ পড়তে ও ইতিকাফ করতে বাধা দেওয়া হয়েছে।
এমনকি রমজানের শেষ জুমার নামাজেও পবিত্র এ মসজিদ বন্ধ ছিল।প্যালেস্টাইনি জেরুজালেম গভর্নরেট এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী জেরুজালেমের পুরাতন শহরকে সামরিক ব্যারাকে পরিণত করেছে এবং এর আশাপাশে শত শত সৈন্য মোতায়েন করেছে। ফলে জেরুজালেমবাসী বাব আল-সাহিরা, বাব আল-আমুদ এলাকায় এশা ও তারাবির নামাজ আদায় করেছেন। এদিকে রমজান মাসের শেষ দশকে পবিত্র আল-আকসা মসজিদ ও সেখানে নামাজ পড়া বন্ধের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আরব লিগ।
