
পবিত্র আল-আকসা মসজিদে প্যালেস্টাইনিদের ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী বলে অভিযোগ। ১৯৬৭ সালের পর প্রথমবারের মতো ঈদের দিনে এই পবিত্র স্থানটি বন্ধ থাকার নজিরবিহীন ঘটনা বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম।
অভিযোগ,ইসরায়েলি বাহিনী প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় হাজারো মুসল্লি মসজিদে প্রবেশ করতে পারেননি। বাধ্য হয়ে তারা মসজিদের প্রবেশদ্বার এবং আশেপাশের রাস্তাগুলোতে নামাজ আদায় করেন। রিপোর্টে বলা হয়েছে, শুক্রবার ইসরায়েলি সেনারা মসজিদের ভেতরের চত্বরে মুসল্লিদের প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয়। অধিকৃত পূর্ব জেরুজালেমের দামেস্ক গেট এলাকায় মুসল্লিরা জড়ো হন। কারণ সেখান থেকেই তারা সবচেয়ে কাছে গিয়ে নামাজ পড়তে পেরেছেন।
জেরুজালেম গভর্নরেট এই পদক্ষেপকে একটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি এবং ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে নিন্দা জানিয়েছে। উল্লেখ্য, ইরান যুদ্ধ শুরুর পর থেকে গত ২১ দিন ধরে আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। অন্যদিকে, গাজায় ধ্বংসস্তূপের মাঝেই ঈদ পালন করেছেন প্যালেস্টাইনিরা। পরিবারগুলো খোলা জায়গায় এবং ক্ষতিগ্রস্ত মসজিদের সামনে ঈদের নামাজ আদায় করতে সমবেত হন।








