
নতুন প্রযুক্তির সাহায্যে সীসাকে সোনায় রূপান্তর করার দাবি করেছেন বিজ্ঞানীরা।মধ্যযুগে আলকেমিস্টদের সবচেয়ে বড় স্বপ্ন ছিল সীসাকে সোনায় রূপান্তর করা।অবশেষে খুব অল্প সময়ের জন্য হলেও বাস্তবে এমনটি করা গিয়েছে বলে দাবি করা হচ্ছে।
পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পার্টিকল এক্সেলারেটর,লার্জ হ্যাড্রন কোলাইডার বা, এলএইচসি ব্যবহার করে এ কাজটি করেছেন ইউরোপের নিউক্লিয়ার রিসার্চ অর্গানাইজেশন বা ,সার্ন-এর বিজ্ঞানীরা।তবে এটা সিনেমা বা কার্টুনে যেমন দেখা যায়,তেমন নয়।এখানে সীসাকে সোনায় রূপান্তর করতে সাব-অ্যাটমিক বা পরমাণুর চেয়েও ছোট বিভিন্ন কণাকে অসম্ভব দ্রুত গতিতে একে অপরের সঙ্গে ধাক্কা খাইয়ে সীসার ভেতরের গঠন বদলে ফেলা হয়েছে, যাতে তা সোনার মতো আচরণ করে।বিভিন্ন পারমাণবিক কণাকে ভেঙে নতুন কণা তৈরি করতে পারে লার্জ হ্যাড্রন কোলাইডারের প্রযুক্তি।
বিজ্ঞানীরা বলছেন, সাধারণত সীসার আয়নকে একে অপরের সঙ্গে জোরে ধাক্কা খাইয়ে এমন এক ধরনের চরম গরম ও ঘন পদার্থ তৈরি করতে ব্যবহৃত হয় লার্জ হ্যাড্রন কোলাইডার, যে পরিস্থিতি মহাবিশ্বে বিগ ব্যাংয়ের পর তৈরি হয়েছিল বলে ধারণা তাদের।









