
কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রা থেকে বাইক আরোহী মহিলার গায়ে মদ ঢেলে দেওয়ার অভিযোগে চার অভিযুক্তকে গ্রেফতার করেছে শান্তিপুর থানার পুলিশ। অভিযুক্তদের শ্লীলতাহানি ও মারধরের মামলা রুজু করেছে পুলিশ।
ধৃতদের নাম, সাধন বিশ্বাস, দীপক রাজবংশী, ভজন বিশ্বাস, পাঁচু গোপাল মণ্ডল, এদের প্রত্যেকের বাড়ি নদীয়ার শান্তিপুরের বাগচীর বাগান এলাকায়। তবে এই ঘটনার সাথে আরও কে বা কারা যুক্ত রয়েছে তার তদন্তে শান্তিপুর থানার পুলিশ। শনিবার রাতে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরের শ্যামবাজারে। বাইকে চড়ে স্বামীর সঙ্গে যাচ্ছিলেন মহিলা। অভিযোগ পাশ দিয়ে যাওয়ার সময় বিসর্জনের শোভাযাত্রা থেকে মহিলার গায়ে মদ ঢেলে দেন কয়েকজন ক্লাব সদস্য।
প্রতিবাদ করায় মহিলার স্বামী ও তাঁর বন্ধুকে মারধর করা হয়। বাঁচাতে গেলে আক্রান্ত হন মহিলাও। অসুস্থ বোধ করায় মহিলাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছবি সৌজন্যে : নিজস্ব









