তুম্বাড় ২-এ আলিয়া ভাট

0
133
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

অভিনেত্রী আলিয়া ভাট, প্রতীক্ষিত সিনেমা তুম্বাড় ২-এ থাকছেন। সিনেমাটির অভিনেতা ও প্রযোজক সোহম শাহ সোশ্যাল মিডিয়ায় এ খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। ইনস্টাগ্রামে আলিয়া ভাটের সঙ্গে একটি ছবি প্রকাশ করে সোহম শাহ লিখেছেন, একটি নতুন অধ্যায়ের সূচনা।

আলিয়া ভাটকে স্বাগত তুম্বাড় টু-এর জগতে। প্রলয় আসন্ন। দেখা হবে সিনেমা হলে। আলিয়ার যুক্ত হওয়ার খবর প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরো বেড়েছে। এর আগে নির্মাতারা জানিয়েছিলেন, ২০২৭ সালের ৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তুম্বাড় টু। মুক্তির তারিখ ঘোষণার আগে একটি মোশন পোস্টার এবং কয়েকটি রহস্যময় পোস্টের মাধ্যমে সিনেমাটি নিয়ে কৌতূহল তৈরি করা হয়েছিল। এর আগে সিনেমাটির পোস্টার প্রকাশ করে সোহম শাহ লিখেছিলেন, এক পাপপূর্ণ অতীত, এক অশুভ ভবিষ্যৎ। ক্ষুধা বাড়ছে, লোভের উত্তরাধিকার অব্যাহত। এর মাধ্যমে সিনেমাটির অন্ধকার ও রহস্যময় জগতের ইঙ্গিত দেওয়া হয়েছিল। তুম্বাড় টু নিয়ে সোহম শাহ বলেছেন, তুম্বাড় তাঁর কাছে সবসময়ই বিশেষ একটি সিনেমা। এর দ্বিতীয় পর্বে তাঁরা সেই জগতকে আরো গভীর ও বড় পরিসরে তুলে ধরতে চান।

দর্শকরা প্রথম সিনেমার যে পৌরাণিক আবহ ও পরিবেশের সঙ্গে যুক্ত হয়েছিলেন, সেটিকে ভিত্তি করেই নতুন গল্প বলা হবে। পরিচিত অনুভূতি থাকলেও গল্প এগিয়ে নেওয়ার ধরন হবে সম্পূর্ণ নতুন। উল্লেখ্য, তুম্বাড় টু পরিচালনা করছেন আদেশ প্রসাদ। সিনেমাটি প্রযোজনা করছে সোহম শাহ ফিল্মস, পেন স্টুডিওসের সহযোগিতায়। পরিবেশনার দায়িত্বে রয়েছে পেন মারুধর। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীও। আলিয়া ভাট ও নওয়াজুদ্দিন সিদ্দিকীর যুক্ত হওয়ার কারণে সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা আরো বেড়েছে।