
বহুপ্রতীক্ষিত আলফা সিনেমার টিজার প্রকাশ্যে এসেছে। যশরাজ ফিল্মসের পুরুষতান্ত্রিক স্পাই ইউনিভার্সের ভিড়ে তুখড় অ্যাকশন অবতারে তাক লাগিয়েছেন আলিয়া ভাট। মারপিটের মারপ্যাঁচে এমন কাঁপন ধরালেন যে অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ বলিউডের আলফা মেল’রাও।
তবে আলফা’র পয়লা ঝলক দেখে দর্শক- ফ্যান ফলোয়াররা যতই বক্স অফিসে হাজার কোটির গণ্ডি পেরনোর ভবিষ্যদ্বাণী করুক না কেন, একাংশ আবার সিনেমার বিষয়বস্তুর সঙ্গে নয়ের দশকের ফরাসি ছবি লা ফেম নিকিতা’র সাদৃশ্য খুঁজে পেয়েছেন। এদিকে টিজারের শুরুতেই দেখা যায়, এক রেস্তরাঁয় বার্তালাপে ব্যস্ত পিতা-পুত্রী অর্থাৎ ববি দেওল এবং আলিয়া ভাট। দিনটা আলফাকন্যা আলিয়ার জন্মদিন। সেইসূত্রেই বাবার সঙ্গে বাইরে খেতে আসা। কিন্তু শিয়রে যে বড়সড় মিশন অপেক্ষা করছে, সেটা সে ঘুণাক্ষরেও টের পায়নি। এরপর সাবালিকা হিসেবে ১৮ বছরের জন্মদিনে বাবার কাছ থেকে আসে এক বিশেষ মিশনে যাওয়ার নির্দেশ। মুহূর্তে বদলে যায় পরিবেশ।বাধ্য শিষ্যের মতো বাবার নির্দেশমাফিক সিক্রেট এজেন্ট হিসেবে সে নিকেশ করে একের পর এক শত্রুকে। ঝলকেই দেখা গিয়েছে যে, আলিয়ার চরিত্রটিকে শৈশব থেকে গুপ্তচরবৃত্তির প্রশিক্ষণ দিচ্ছে ববি। আর টিজারে গল্পের এহেন আভাস পেয়েই রে-রে করে উঠেছেন সিনেপ্রেমীদের একাংশ। তাঁদের দাবি, আলফা’র গল্প ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত খ্যাতনামা ফরাসি পরিচালক লুক বেসন পরিচালিত,লা ফেম নিকিতা’র থেকে হুবহু টোকা,যে সিনেমার গল্পও আবর্তিত হয়েছে এক মহিলার চরবৃত্তির প্রেক্ষাপটে।এদিকে,নয়ের দশকের সেই ফরাসি ছবির মূল চরিত্র নিকিতা।ডাকাতির সময়ে এক পুলিশ আধিকারিককে খুনের অভিযোগে গ্রেপ্তার হয় নিকিতা। এরপরই নাটকীয়ভাবে বদলে যায় তার জীবন। পুলিশ নিকিতাকে জেলে পাঠানোর পরিবর্তে এক গোপন সরকারি মিশনের জন্য প্রস্তুত করতে থাকে। রটিয়ে দেওয়া হয় নিকিতা মৃত, কিন্তু গোপনেই সেই মহিলাকে পেশাদার খুনি হিসেবে গড়ে তোলার প্রশিক্ষণ দেওয়া হয়। সময়ের সঙ্গে নিকিতা অত্যন্ত দক্ষ সিক্রেট এজেন্ট হয়ে ওঠে এবং সরকারের দেওয়া একের পর এক বিপজ্জনক মিশনে শত্রুনিধন করে।
মহিলা-কেন্দ্রিক সেই কাল্ট ক্লাসিক ফরাসি অ্যাকশন থ্রিলার সিনেমার সঙ্গেই এবার আলিয়া ভাটের আলফা ছবির গল্পের মিল খুঁজে পেয়েছে দর্শকমহলের একাংশ। তাঁদের দাবি, আলফা’র গল্পও ববি দেওল ও আলিয়া ভাটের চরিত্রের মধ্যকার রসায়ন,লা ফেম নিকিতা-র হ্যান্ডলার ও মূল চরিত্রের সম্পর্কের মতোই।
