
আলিয়া ভাট অভিনীত বহুল আলোচিত স্পাই থ্রিলার আলফা নিয়ে নতুন করে শুরু হয়েছিল জল্পনা— ছবিটি নাকি প্রেক্ষাগৃহে নয়,সরাসরি ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পেতে যাচ্ছে। এ খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন ফ্যানরা।
তবে শেষ খবর বলছে, সেই আশঙ্কা সত্যি হচ্ছে না। বড় পর্দাতেই মুক্তি পেতে যাচ্ছে ,আলফা।জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস ছবিটির জন্য একটি ওটিটি প্ল্যাটফরমের দেওয়া প্রায় ২১৫ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।অর্থাৎ নির্মাতারা স্পষ্টভাবেই প্রেক্ষাগৃহকেই অগ্রাধিকার দিচ্ছেন।শিব রাওয়াল পরিচালিত এই ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে দুই মহিলা চরিত্রকে, আলিয়া ভাটের সঙ্গে রয়েছেন শর্বরী ওয়াঘ।স্পাই ইউনিভার্সের ছবিতে দুই অভিনেত্রীকে মুখ্য ভূমিকায় রাখা, এই বিষয়টিই নাকি মুক্তি নিয়ে কিছু জল্পনার জন্ম দিয়েছিল।একসময় এমন কথাও শোনা যায়,যশরাজ ব্যানারের সাম্প্রতিক কিছু ছবির বক্স অফিস পারফরম্যান্স প্রত্যাশামতো না হওয়ায় আলফা ওটিটিতে মুক্তির কথা ভাবা হচ্ছিল। তবে এসবই এখন পর্যন্ত অনানুষ্ঠানিক আলোচনা,প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।উল্লেখ্য, ২০২৪ সালেই ছবিটির ঘোষণা দেওয়া হয়েছিল। ভিএফএক্সের কাজ বাকি থাকায় বারবার পিছিয়েছে মুক্তির তারিখ।শুরুতে গত বছরের আগস্টে মুক্তির পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি।
শেষ শোনা যাচ্ছে, বছরের শেষ দিকে মুক্তির পরিকল্পনা করা হলেও তা নিয়েও এখনো নিশ্চিত কিছু জানানো হয়নি। ফলে আলফা ঘিরে জল্পনা আপাতত থামছে না।
