
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত স্মার্ট চশমা লঞ্চ করেছে চীনের বহুজাগতিক ই কমার্স কোম্পানি আলিবাবা।এ ধরনের পণ্যে চীনা কোম্পানিটির এটাই প্রথম প্রবেশ।একজোড়া স্মার্ট চশমা লঞ্চ করেছে কোম্পানিটি, যা তাদের নিজস্ব এআই মডেলের মাধ্যমে চলবে।
নতুন এ পণ্যটি সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।ই-কমার্স জায়ান্টটি বলেছে,কোয়ার্ক এআই গ্লাসেস নামের স্মার্ট চশমাটি ২০২৫ সালের শেষের দিকে চীনের বাজারে আনবে তারা।এ চশমার হার্ডওয়্যার চলবে কোম্পানিটির নিজস্ব কোয়েন নামের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ও উন্নত এআই সহকারী কোয়ার্ক-এর মাধ্যমে।হ্যাংজুভিত্তিক এ কোম্পানিটি চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে শীর্ষস্থানীয়দের মধ্যে একটি। তারা আগ্রাসীভাবে নতুন নতুন এআই মডেল আনছে, যেগুলো পশ্চিমী কোম্পানি যেমন ওপেনএআইয়ের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম।এদিকে অনেক প্রযুক্তি কোম্পানিই আভাস দিচ্ছে, স্মার্টফোনের পাশাপাশি ওয়্যারেবল বা পরিধানযোগ্য ডিভাইস, বিশেষ করে স্মার্ট চশমা হবে কম্পিউটিংয়ের পরবর্তী ধাপ। কোয়ার্ক এ বছর আপডেট করেছে আলিবারা।বর্তমানে চীনে অ্যাপ হিসেবে পাওয়া যাচ্ছে এটি।অ্যাপটিকে আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিতে এবার হার্ডওয়্যার খাতে প্রবেশ করছে কোম্পানিটি।রে-ব্যানের সহযোগিতায় তৈরি মেটার স্মার্ট চশমার জবাবে আলিবাবা কোয়ার্ক এআই গ্লাসেস বাজারে আনার উদ্যোগ নিয়েছে।এ স্মার্ট চশমার মাধ্যমে আলিবাবা এখন চীনা কনজিউমার ইলেকট্রনিক্স কোম্পানি শাওমির সঙ্গেও প্রতিযোগিতায় নামছে।
কারণ, এ বছর নিজেদের এআই চশমা বাজারে এনেছে শাওমি।আলিবাবা বলেছে, তাদের স্মার্ট চশমায় থাকবে হ্যান্ডস-ফ্রি কলিং, মিউজিক স্ট্রিমিং, রিয়াল-টাইম ভাষা অনুবাদ ও মিটিংয়ের কথাবার্তা লিখে রাখার জন্য ট্রান্সক্রিপশন সুবিধা। চশমাটিতে একটি বিল্ট-ইন ক্যামেরাও থাকবে।
