
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু তকমা নিয়ে ঐকমত্যে পৌঁছতে পারেনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ।
যদিও সাত সদস্যের এই বেঞ্চে প্রধান বিচারপতি-সহ চার সদস্য ইলাহাবাদ হাইকোর্টের আগের রায় খারিজ করে দিয়েছেন। এই বিষয়ে ইলাহাবাদ হাইকোর্টের রায়ের প্রসঙ্গও উল্লেখ করেছেন তিনি। সাংবিধানিক বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ অংশের রায়টি লিখেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। প্রধান বিচারপতির সঙ্গে সহমত পোষণ করে বিচারপতি জেবি পারদিওয়ালা, বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি মনোজ মিশ্র। অন্যদিকে, বিরুদ্ধমত পোষণ করে স্বতন্ত্র রায় দিয়েছেন বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশ চন্দ্র। সংখ্যাগরিষ্ঠের মতানুসারে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু তকমা ফেরার পথ প্রশস্ত হলেও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নতুন বেঞ্চ নেবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।কোনও শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যালঘু তকমা পেলে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ৫০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা থাকে। যদিও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় বর্তমানে উত্তরপ্রদেশ সরকারের সংরক্ষণ নীতি মেনে চলে না। বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ স্কুল-কলেজের পড়ুয়ার জন্য সেখানে ৫০ শতাংশ আসন সংরক্ষিত থাকে।
১৯৬৭ সালে বিশ্ববিদ্যালয়টির সংখ্যালঘু তকমা খারিজ করেছিল শীর্ষ আদালত। ইন্দিরা গান্ধীর আমলে ১৯৮১-তে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধন করে এই প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য বিশেষ সংরক্ষণ চালু হয়েছিল। ২০০৬-এ ওই আইন খারিজ করে দেয় ইলাহাবাদ হাইকোর্ট।
ছবি সৌজন্যে : সুপ্রিম কোর্ট








