
লেদার কমপ্লেক্সে ম্যানহোল পরিষ্কার করতে নামা ৩ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঠিকাদার আলিমুদ্দিন শেখকে গ্রেফতার করেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।
আলিমুদ্দিন শেখ তিন শ্রমিককে জেলা থেকে নির্মাণের কাজের জন্য কলকাতায় নিয়ে এসেছিলেন, কিন্তু পরবর্তীতে ম্যানহোল পরিষ্কারের কাজে নামিয়েছিলেন, দাবি পরিবারের। রবিবার রাতেই তাঁকে গ্রেফতার করেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। রবিবার সকালে লেদার কমপ্লেক্সের ম্যানহোলে নেমেছিলেন ৬০ বছরের ফরজেম শেখ। তিনি মুর্শিদাবাদের বাসিন্দা। ম্যানহোল থেকে তিনি উঠছেন না দেখে হাশিবুর শেখ নামের আর এক শ্রমিক নামেন। ফরজেমের পাশের গ্রামের বাসিন্দা তিনি। তাঁর খোঁজ নিতে ম্যানহোলে নামেন দক্ষিণ ২৪ পরগনার ন্যাজাট থানা এলাকার বাসিন্দা সুমন সর্দার। নিকাশি নালার বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়। প্রায় চার ঘণ্টার চেষ্টায় তাঁদের দেহ উদ্ধার করা হয়। মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকার ঠিকাদার আলিমুদ্দিন। সেই এলাকাতেই থাকতেন হাশিবুর এবং ফরজেম। শোকস্তব্ধ পরিবার আলিমুদ্দিনকেই দুষছে প্রথম থেকে। রবিবার ঘটনার খবর পেয়ে বানতলায় গিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। কী ভাবে এই ঘটনা ঘটল, কেন তিন জন ম্যানহোলে নামলেন, পুলিশ তা খতিয়ে দেখবে।
২০১৩ থেকে দেশে আইন করে নিষিদ্ধ হলেও মানা হচ্ছিল না। এরপর গত মাসের ২৯ তারিখ সুপ্রিম কোর্ট কলকাতা সহ দেশের ৬ শহরে ম্যানহোলে শ্রমিক নামিয়ে পরিষ্কারের ওপর নিষেধাজ্ঞা জারি করে। সুপ্রিম কোর্টের নির্দেশের ৪ দিনের মধ্যেই লেদার কমপ্লেক্সে অঘটন ঘটেছে।






