
অসমে একাদশ শ্রেণির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায শোরগোল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। তার জেরে সে রাজ্যের একাদশ শ্রেণির বোর্ডের বাকি সব পরীক্ষা বাতিল করেছে প্রশাসন। শিক্ষামন্ত্রী রনোজ পেগু জানিয়েছেন, ২৪ থেকে ২৯ মার্চ পর্যন্ত একাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা হওয়ার কথা ছিল। মোট ৩৬ টি বিষয়ে পরীক্ষাই বাতিল করা হচ্ছে। তবে এই বাতিল হওয়া পরীক্ষা আবার কবে হবে, তা নিশ্চিত করেননি শিক্ষামন্ত্রী।
উল্লেখ্য, অমসের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষ অর্থাত্ একাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা শুরু হয়েছিল চলতি মাসের ৬ তারিখ। কিন্তু পরীক্ষা চলাকালীন বারবার প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। থানায় অভিযোগও দায়ের হয়েছে । প্রশ্নফাঁসের জেরে অঙ্ক পরীক্ষা বাতিল করা হয়েছে । শিক্ষামন্ত্রীর দাবি, রাজ্যের তিনটি সরকারি প্রতিষ্ঠান-সহ ১৮টি স্কুলে নির্ধারিত পরীক্ষার এক দিন আগে ওই গণিতের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে।








