
ভারতের মাটিতে জাদু আছে। এখানে সব সংস্কৃতিই প্রাধান্য পেয়েছে। দিল্লিতে সুফি সন্তদের জাহাঁ-এ-খসরু অনুষ্ঠানে গিয়ে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে সুফি গান, নাচ প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন, ভারত হল স্বর্গের উদ্যান। সেখানে সব রঙ, সব সংস্কৃতি ছড়িয়ে রয়েছে। এখানকার মাটিতে বিশেষ কিছু আছে।
সেই কারণেই হয়ত ভারতে সুফি সংস্কৃতি এসেছে। মোদী উল্লেখ করেছেন, ভারতে সুফি সন্তদের একটা আলাদা পরিচিতি আছে। তাঁরা কোরানপাঠ করেন, বেদের কথাও শোনেন। হজরত খসরুর কাওয়ালি, বাবা ফরিদের লেখা, বুলেহ শাহের কবিতা, মীর, কবীর, রহিমের কথাও এদিন উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সুফি গান এক অন্য ভালবাসা ও ভক্তির কথা বলে। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেছেন, ভারতের প্রশংসা প্রকাশ পেয়েছে খসরুর গানে। খসরু বিশ্বের সেরা ভাষা হিসেবে সংস্কৃতর কথা বলেছেন।
