
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের পারমাণবিক ইন্স্টলেশনে ইসরায়েল বা আমেরিকা কোনো ধরনের হামলা চালালে এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে।
কাতার সফরকালে সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের পারমাণবিক ইন্স্টলেশনে সামরিক হামলা হলে তা আমেরিকার সবচেয়ে বড় ঐতিহাসিক ভুল হবে। আরাঘচি বলেছেন, ইরান যেকোনো হামলার জবাব তাৎক্ষণিক এবং স্পষ্টভাবে দেবে এবং এটি এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ বেধে যাবে। রিপোর্টে বলা হয়েছে,ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাব আরও বাড়বে। এই কারণে ইসরায়েল ইরানের পারমাণবিক ইন্স্টলেশনে হামলা চালাতে পারে বলে আশঙ্কা বাড়ছে।আরাঘচি বলেছেন, তিনি কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দোহায় আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনার জন্য দেখা করেছেন।
গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্নের জন্য তাঁরা কাতারের মধ্যস্থতার প্রশংসা করেছেন। বলা হয়েছে, আরাঘচি কাতারে হামাসের কর্তাদের সঙ্গেও দেখা করেছেন। তিনি বলেছেন, প্যালেস্টাইনিরা গাজায় বিজয় অর্জন করেছে।
