
সর্বদল বৈঠকে বিবাদ ভুলে সংসদে সংবিধান নিয়ে আলোচনায় রাজি হয়েছে সরকার ও বিরোধী শিবির। বস্তুত শীতকালীন অধিবেশনে এখনও পর্যন্ত কাজের কাজ কিছু হয়নি।
প্রতিদিনই কংগ্রেস-সহ বিরোধীরা সংসদে আদানি ইস্যু তুলে হট্টগোল করছে। সোমবারও অধিবেশন শুরুর পরই কংগ্রেসের নেতৃত্বে বিরোধী সাংসদরা বিক্ষোভ দেখানো শুরু করেন। ফলে দুই কক্ষেই অধিবেশন মুলতুবি করে দিতে হয়। এদিকে তৃণমূল কংগ্রেস বলছে, আদানি ইস্যুতে আলোচনা তারাও চায়, কিন্তু সেটা সংসদ সচল রেখে। এই পরিস্থিতিতে সোমবার অচলাবস্থা কাটাতে সর্বদল বৈঠক ডাকেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ওই বৈঠকেই ঠিক হয়েছে আর বিক্ষোভ নয়, আগামী সপ্তাহে সংবিধানের উপর আলোচনায় অংশ নেবে সব দল। লোকসভায় ওই আলোচনা হবে ১৩ ও ১৪ ডিসেম্বর আর রাজ্যসভায় আলোচনা হবে ১৬ ও ১৭ ডিসেম্বর। তার আগে অচলাবস্থা কাটবে কিনা সেটা অবশ্য স্পষ্ট নয়।এদিন বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, এভাবে সংসদ অচল করে রাখা কাম্য নয়।
সূত্রের খবর, সংবিধান নিয়ে আলোচনার মধ্যেই উত্তরপ্রদেশের সম্ভল, বাংলাদেশ, মণিপুরের মতো ইস্যু উঠতে পারে। জবাবি ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।








