
নির্বাচনী প্রচারে বেরিয়ে কোনও প্রার্থী চমক দিলেন সবুজ সাথীর সাইকেলে চড়ে, কেউবা আবার প্রচার সারলেন ট্রেনে চেপে। একইভাবে ঢাক-ঢোল বাজিয়েও প্রচার সেরেছেন বিভিন্ন দলের প্রার্থীরা।
সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র সবুজ সাথীর সাইকেলে চড়ে অভিনবভাবে প্রচার সেরেছেন। এই ভিন্নধর্মী প্রচারে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ চোখে পড়ে। প্রচারের সময় লাভলী মৈত্র নারী সুরক্ষা, নারীর সম্মান ও নারীর স্বাধীনতার বিষয়গুলি তুলে ধরেন। এদিকে, চলন্ত ট্রেনে নির্বাচনী প্রচারে নজির গড়েছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল প্রার্থী পরেশরাম দাস। অন্যদিকে, তালডাংরা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনি সিংহ বাবুর সমর্থনে পাচমুড়া এলাকায় একটি রোড শো করেছেন সাংসদ-তথা অভিনেতা দেব। দলীয় প্রার্থীকে পাশে নিয়ে পাঁচমুড়া বাজার এলাকায় প্রায় ১ কিমি রোড শো করেছেন দেব। একইভাবে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রশান্ত বায়েন জোর কদম প্রচার করেছেন।
রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমার। ৮৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে প্রচার করেছেন তিনি। জনসংযোগ করেন সাধারণ মানুষের সঙ্গে। এদিকে, বিকেলে বালিগঞ্জে হুড খোলা গাড়িতে প্রচার করেছেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।









