
হিমালয়ঘেঁষা রাজ্যগুলিতে অবিলম্বে পর্যটন, খনি এবং নির্মাণকাজে রাশ না টানলে অচিরেই নিশ্চিহ্ন হয়ে যাবে সমস্ত রাজ্য। সম্প্রতি একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনায় হিমাচল সরকারকে দুষে ফের এমনই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালতের মন্তব্য, হিমালয়ের বাস্তুতন্ত্র এই মুহূর্তে সঙ্কটে। এর জেরে হিমাচল প্রদেশ-সহ পার্শ্ববর্তী সব রাজ্যই গুরুতর অস্তিত্বসঙ্কটের মুখোমুখি হচ্ছে। বিচারপতি বলেছেন, এ বছর বর্ষার মরসুমে ভারী বৃষ্টি হিমাচল প্রদেশে বিপর্যয় ডেকে এনেছে। বিভিন্ন এলাকায় যে হড়পা বান হয়েছে, তাতে জীবন ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। বহু বাড়িঘর ভেসে গিয়েছে।
এর পরেই পর্যটন, খনি এবং নির্মাণকাজে রাশ টানার নীতি নিয়ে সে রাজ্যের সরকারের কাছে ২৮ অক্টোবরের মধ্যে কৈফিয়তও চেয়েছে সুপ্রিম কোর্ট।ওই দিন মামলার পরবর্তী শুনানি হবে।








