
সমস্ত রেকর্ডকে পিছনে ফেলে দিয়ে মরশুমে প্রথমবার কলকাতার পারদ নেমেছে ১০-এর ঘরে। জানুয়ারি মাসে এমন হাড়কাঁপুনি শীতের সাক্ষী বিগত ১৫ বছরে থাকেনি শহরবাসী।
মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াসে। শহরতলি এবং সংলগ্ন এলাকাগুলিতে কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রিরও নীচে নেমে যায় মঙ্গলবার ভোরে। সংলগ্ন জেলাগুলি সোমবার বেশি রাতের দিক থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকতে শুরু করে। মঙ্গলবার ভোরের দিকেও কুয়াশায় ঢেকে ছিল শহরতলি এবং সংলগ্ন এলাকায়। এর আগে গত ১৫ বছরে জানুয়ারি মাসে এক বারই ১১ ডিগ্রির নীচে নেমেছিল কলকাতার পারদ। ২০২৩ সালের জানুয়ারিতে শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১০.৯ ডিগ্রিতে। এ বার তা-ও ছাপিয়ে গিয়েছে। চলতি সপ্তাহে কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও কয়েক ডিগ্রি পারদপতনের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী কয়েক দিন প্রায় সব জেলাতেই ঘন কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গেও দুই দিনাজপুর এবং মালদায় শীতল দিন-এর পরিস্থিতি তৈরি হতে পারে।
