
জন্মবার্ষিকীর আগে কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নবনির্মিত মূর্তির বেদি ভাঙার অভিযোগে শোরগোল পড়েছে। সোমবার শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী। এজন্য সুকিয়া স্ট্রিট এবং এপিসি রোডের সংযোগস্থলে তাঁর মূর্তি বসায় বিজেপির যুব মোর্চা। মূর্তি বসানো হয় গোপাল মুখোপাধ্যায়েরও ।
শনিবার রাতেই দু’জনের মূর্তি বসানোর কাজ শেষ হয়। অভিযোগ, রাতে দুষ্কৃতীরা হামলা চালায়। মূর্তি দু’টির কোনও ক্ষতি না-হলেও, নীচের বেদি ভাঙচুর করা হয়। নামের ফলক ভেঙে ছড়িয়ে রয়েছে রাস্তায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছোন বিজেপির যুব মোর্চার স্থানীয় নেতৃত্ব। বিষয়টি দেখে আর্মহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কারা এই মূর্তির বেদি ভাঙার সঙ্গে যুক্ত, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।উল্লেখ্য, যেখানে ঘটনাটি ঘটেছে, তার অনতিদূরে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বাড়ি। শুধু তা-ই নয়, ঘটনাস্থলের কাছেই রয়েছে ট্রাফিক গার্ডের অফিস। গোটা এলাকা সিসি ক্যামেরায় মোড়া।
নিরাপত্তাও তুলনামূলক বেশি। সেখানে কী ভাবে এ ধরনের ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনায় যারা জড়িত থাকুক না কেন কাউকেই ছাড়া হবে না। হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ।
