রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ, কিউবায় নতুন উত্তেজনা

0
23
ছবি সৌজন্যে : এক্স

কিউবার প্রাক্তন নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে দু’ দশক আগে মানবিক সহায়তা বহনকারী বিমান ভূপাতিত করার ঘটনায় অভিযোগ গঠনের পরিকল্পনা করছে আমেরিকা। এ খবর প্রকাশের পর কিউবাতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

জ্বালানি সংকটসহ কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে থাকা কিউবায় এ পদক্ষেপকে বড় ধরনের চাপ হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য,৯৪ বছর বয়সী বিপ্লবী নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলে তা হবে কিউবার ওপর ট্রাম্প প্রশাসনের চাপ বাড়ানোর আরেকটি বড় পদক্ষেপ। এদিকে ট্রাম্প প্রশাসন কিউবার কমিউনিস্ট সরকারকে দুর্নীতিগ্রস্ত ও অদক্ষ বলে আখ্যা দিয়ে দীর্ঘদিন ধরে পরিবর্তনের জন্য চাপ দিয়ে আসছে। এ বিষয়ে কিউবা সরকার সরাসরি কোনও মন্তব্য না করলেও ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ আমেরিকাকে উদ্দেশ করে কড়া বার্তা দেন। তিনি বলেছেন, আমেরিকার অবরোধ, নিষেধাজ্ঞা ও শক্তি প্রয়োগের হুমকি সত্ত্বেও কিউবা তার সমাজতান্ত্রিক উন্নয়নের পথে সার্বভৌম অবস্থান বজায় রাখবে।

ওদিকে, আমেরিকা ও কিউবার মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের ইতিহাস শুরু হয় ১৯৫৯ সালে ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে সংঘটিত কমিউনিস্ট বিপ্লবের পর থেকে।বিপ্লবের পর কাস্ত্রো সোভিয়েত ইউনিয়নের সঙ্গে জোট গড়ে তোলেন এবং আমেরিকার নাগরিকদের মালিকানাধীন ব্যবসা ও সম্পদ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেন। এরপর থেকেই দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বৈরিতা তৈরি হয়। অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে ট্রাম্প প্রশাসন কিউবার ওপর আরও কঠোর অবস্থান নেয়। কার্যত জ্বালানি অবরোধ আরোপ, সামরিক পদক্ষেপের হুমকি এবং একের পর এক নিষেধাজ্ঞার ফলে বিদেশি কোম্পানিগুলো কিউবা ছাড়তে শুরু করেছে।