
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ সত্ত্বেও রাজপুর-সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, প্রধান সড়কের পার্শ্ববর্তী সরকারি জমি রাতের অন্ধকারে দখল করে নিচ্ছে জমি মাফিয়ারা।
প্রশাসনের একেবারে নাকের ডগায় এই ঘটনা ঘটায় স্বভাবতই নজরদারি ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ধাপে ধাপে ওই জমিতে দখলদারিত্ব বাড়ছে। কেউ বা কারা রাতের বেলায় নির্মাণসামগ্রী এনে রাখছে, তৈরি করছে অস্থায়ী কাঠামো।
অথচ এতদিন প্রশাসন কোনও পদক্ষেপ করেনি। জমি দখলকারীরা প্রশাসনিক নিষ্ক্রিয়তাকে হাতিয়ার করেই ওই জমি দখল করে নিচ্ছে বলে মনে করছেন এলাকাবাসীরা।
