
ভাঙড়ে বোমাবাজির অভিযোগ ঘিরে একে অপরকে নিশানা করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ।
স্থানীয় সূত্রে খবর, শনিবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের শানপুকুর অঞ্চলের চণ্ডীহাট এলাকায় বোমাবাজি হয়। স্থানীয়দের একাংশের অভিযোগ, আইএসএফের স্থানীয় বুথ সভাপতি ইছা মোল্লার বাড়ি লক্ষ্য করে দুটো বোমা ছোড়া হয়েছিল। একটি বোমা বাড়ির জালনায় লেগে ফেটে যায়। অন্যটি বাড়ির সামনে ফাটে। প্রবল শব্দে কেঁপে ওঠে গোটা পাড়া। বিস্ফোরণের শব্দে অনেকে ভয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন। দেখা যায়, বোমা বিস্ফোরণে ওই নেতার বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনও খবর মেলেনি।
আইএসএফের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। যদিও অভিযোগ নস্যাৎ করে শাসকদল জানিয়েছে, ভাঙড়কে বছরভর অশান্ত করে রেখেছে আইএসএফ-ই। এই তরজার মধ্যে বোমাবাজির ঘটনার তদন্ত শুরু করেছে কাশীপুর থানার পুলিশ।
