
দোলের দিন রিষড়া বসন্ত উৎসব কমিটির উদ্যোগে ব্রহ্মানন্দ স্কুল মাঠ সংলগ্ন রাস্তায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আলপনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বসন্তকে স্বাগত জানাতে সকাল থেকেই উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে সমগ্র এলাকা।সাদা মাটির উপর রঙের ছোঁয়ায় ফুটে ওঠে বসন্তের বিভিন্ন রূপ। এদিকে,কলকাতা সহ রাজ্যজুড়ে সমারোহের সঙ্গে পালিত হচ্ছে দোল উৎসব। মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বেলুড় মঠে শুরু হয়েছে দোল উৎসব। বিভিন্ন মানুষের উপস্থিতিতে চলছে রঙের খেলা। পাশাপাশি বিদেশি ভক্তদের আগমনে দোল উৎসব মেতে উঠেছে বেলুড় মঠ। এদিকে অধিবাসের মধ্যে দিয়ে শুরু হল মায়াপুর ইসকনের গৌড় পূর্ণিমা উৎসব। দেশ-বিদেশের হাজার হাজার ভক্তদের সমন্বয়ে ইসকন এখন মিনি ওয়ার্ল্ডে পরিণত হয়েছে।
নবদ্বীপের ধাঁচে দোল উৎসবে মেতেছে ডায়মন্ড সিটি সাউথের আবাসিকরা। দোলের দিন সকাল থেকে মেতেছেন রঙের উৎসবে। এবারের দোলের থিম গৌর নিতাই। মঙ্গলবার সকালে প্রভাতফেরি আর বেলা গড়াতেই ভিন্ন গানের মাধ্যমে কার্যত নবদ্বীপের ধাঁচে চেনা উৎসবের আবাহন করেছেন আবাসিকরা। জাতি-ধর্ম বর্ণ নির্বিশেষে সামিল হয়েছেন রঙ-আবির বিনিময়ে। সেখানে নাচে-গানে আবাসিকদের সঙ্গে দোল উদযাপন করেছেন অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মালবিকা সেন।






