
ভোটের ময়দানে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের এক কন্যা জিতলেও, পরাস্ত হয়েছেন ছোট কন্যা। লোকসভা নির্বাচনে বিহারের পাটলিপুত্র থেকে আরজেডি প্রার্থী তথা লালুপ্রসাদ-যাদব কন্যা মিসা ভারতী বিজেপির রাম কৃপাল যাদবকে পরাজিত করেছেন।
এর আগে মিসা ভারতী দু’বার রাজ্যসভার সাংসদ হয়েছেন। জয়ের পর লালুপ্রসাদ যাদব কন্যা বলেছেন, ইন্ডিয়া জোটই দেশে সরকার গঠন করতে চলেছে। এবং তাঁরা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণ করবেন। পাশাপাশি নীতীশ কুমারকে ইন্ডিয়া জোটে নেওয়ার বিষয়ে সমর্থন জানিয়েছেন তিনি। অন্যদিকে, লালুপ্রসাদ যাদবের এক কন্যার জয়ে যখন উচ্ছাস আরজেডি শিবিরে, তখন প্রথম ভোটের ময়দানে পরাজয় হয়েছে আরেক কন্যা রোহিণী আচার্যর।গণনার প্রথম দিকে সারণ কেন্দ্র থেকে বিজেপি প্রাথীর থেকে এগিয়ে থাকলেও, সময় যত বেড়েছে রোহিণী আচার্য তত ধরাশায়ী হয়েছে।শেষ পর্যন্ত বিজেপির প্রতাপ রুডির কাছে পরাজিত হয়েছেন তিনি।
