
অ্যাম্বুলেন্স পেতে আর দালালদের খপ্পরে পড়তে হবে না। সাধারণ অ্যাপ ক্যাবের মতোই এবার মোবাইলের এক ক্লিকেই মিলবে জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা। রাজ্যজুড়ে সাধারণ মানুষের হয়রানি দূর করতে ও পরিষেবায় স্বচ্ছতা আনতে এমনই এক যুগান্তকারী পদক্ষেপ-র কথা ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ওলা বা উবারের আদলে তৈরি হচ্ছে বিশেষ অ্যাম্বুলেন্স অ্যাপ। এই অ্যাপ খুললেই ব্যবহারকারী তাঁর আশপাশে কতগুলি অ্যাম্বুলেন্স রয়েছে, তা দেখতে পাবেন। শুধু তাই নয়, চিকিৎসা পরিষেবার ধরনের ওপর ভিত্তি করে এই পুরো ব্যবস্থাকে তিনটি স্তরে ভাগ করা হচ্ছে।
এই ভাগগুলি হল, সাধারণ অ্যাম্বুলেন্স, মিডিয়াম বা মাঝারি সুবিধার অ্যাম্বুলেন্স, ইনটেনসিভ কেয়ার ইউনিট যুক্ত অ্যাম্বুলেন্স। রোগীর প্রয়োজন অনুযায়ী যেকোনও ক্যাটাগরি বেছে নেওয়া যাবে। গন্তব্য স্থির করলেই অ্যাপে ভেসে উঠবে নির্দিষ্ট ভাড়ার অঙ্ক। ফলে চালকদের যথেচ্ছ দরদাম বা অতিরিক্ত টাকা হাঁকানোর দিন শেষ হতে চলেছে। একই সঙ্গে, রোগী কতবার কোন হাসপাতালে যাতায়াত করছেন, সেই সম্পর্কিত ডেটাও অ্যাপের মাধ্যমে নথিভুক্ত হবে, যাতে পরবর্তীতে আরও দ্রুত রুট ও হাসপাতালের খোঁজ করা সহজ হয়।
