
৮০০ ডলার বা তার কম মূল্যের প্যাকেজ লেনদেনের উপর এত দিন আমেরিকা যে শুল্কছাড় দিত, তা তুলে নেওয়া হয়েছে। শুক্রবার থেকে আর কোনও প্যাকেজের লেনদেনে শুল্কছাড় প্রযোজ্য হবে না বলে জানিয়ে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বার থেকে আমেরিকায় কোনও পার্সেল পাঠাতে হলে স্বাভাবিক হারেই শুল্ক দিতে হবে।
অর্থাৎ, পণ্য রফতানির ক্ষেত্রে যে দেশের উপরে যত শুল্ক চাপানো হয়েছে, প্যাকেজ বা পার্সেল পাঠানোর ক্ষেত্রেও তা-ই দিতে হবে। যে কোনও মূল্যের পার্সেলের ক্ষেত্রে এই নিয়ম চালু করে দেওয়া হচ্ছে। তবে আগামী ছ’মাসের জন্য পার্সেল প্রেরকদের অন্য একটি বিকল্প বেছে নেওয়ার সুযোগও দিয়েছে ওয়াশিংটন। আমেরিকা প্রশাসন জানিয়েছে, প্রেরকেরা চাইলে আগামী ছ’মাসের জন্য সরাসরি বাড়তি অর্থ দিয়ে আমেরিকায় পার্সেল পাঠাতে পারবেন।
বিভিন্ন দেশের ক্ষেত্রে এই বাড়তি অর্থের পরিমাণ বিভিন্ন রকম। চিন, ভারত, ব্রাজিল, কানাডার মতো যে সমস্ত দেশের উপর আমেরিকা ২৫ শতাংশ বা তার বেশি শুল্ক আরোপ করেছে, তাদের পার্সেলের জন্য সর্বোচ্চ ২০০ ডলার দিতে হবে। তবে এই নিয়ম ছ’মাসের জন্য। তার পর থেকে সব দেশের পার্সেলেই স্বাভাবিক রফতানি শুল্ক প্রযোজ্য হবে।








