
এক রাতের মধ্যেই ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে সক্ষম আমেরিকা। যুদ্ধবিরতির মধ্যে ফের একবার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তাঁর মন্তব্য, পুরো ইরানকে এক রাতেই ধ্বংস করে দিতে পারে আমেরিকা। আর তা আগামী রাতেই হতে পারে। রবিবার রাতে ইরানকে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত , ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকাল সাড়ে ৬টা যুদ্ধবিরতির বর্ধিত চূড়ান্ত সময়সীমা দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, হরমুজ প্রণালী আবার খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতু এবং অন্যান্য পরিকাঠামোতে হামলা চালানো হবে।
সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক ধাপ এগিয়ে পুরো ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সেই আশায় জল ঢেলে কয়েক ঘণ্টার মধ্যেই ইরান সেন্ট্রাল মিলিটারি কমান্ডের জেনারেল আলিয়াবাদি মার্কিন প্রেসিডেন্টকে কটাক্ষ করে বলেছিলেন, এই হুমকি থেকেই স্পষ্ট যে, উনি অসহায়, ভীত, ভারসাম্যহীন এবং বোকা।








