
হরমুজ প্রণালীর কাছে ইরানের ড্রোন ফের আটকেছে আমেরিকার বাহিনী। পশ্চিম এশিয়ায় দায়িত্বপ্রাপ্ত মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড রবিবার জানিয়েছে, ইরান থেকে ছোড়া দু’টি ড্রোন তারা গুলি করে নামিয়েছে।
হরমুজে পণ্যবাহী জাহাজ চলাচল সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ বলে দাবি করেছে তারা। সেন্টকমের দাবি, ইরান থেকে ছোড়া দু’টি ড্রোন হরমুজের দিকে এগিয়ে আসছিল। তার ফলে ওই জলপথে আন্তর্জাতিক সামুদ্রিক যানচলাচন বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়।
তাদের বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম এশিয়ায় অবস্থানকারী মার্কিন বাহিনী ইরান থেকে ছোড়া দু’টি একমুখী আক্রমণাত্মক ড্রোন ধ্বংস করেছে। সেগুলি হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক সামুদ্রিক যানচলাচলে বাধা দিচ্ছিল। ইরানের আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন বাহিনী প্রতিরোধ গড়ে তুলতে সর্বদা প্রস্তুত, দাবি সেন্টকমের। অন্যদিকে, আমেরিকা এবং ইরানের মধ্যে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। হরমুজে উত্তেজনার মধ্যেই ইরান পৌঁছে গিয়েছেন পাক মন্ত্রী মহসিন নকভি।
