
আমেরিকা এবং ইরানের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকও আয়োজন করতে চায় পাকিস্তান। তারা চাইছে, এই বৈঠকটিও ইসলামাবাদেই হোক। পাকিস্তানের দুই আধিকারিক সূত্রে এমনটাই জানাচ্ছে সংবাদসংস্থা।
জানা যাচ্ছে, দ্বিতীয় দফার বৈঠক আয়োজন করার জন্য ইতিমধ্যে প্রস্তাবও দিয়ে দিয়েছে পাকিস্তান। তবে এ বিষয়ে আমেরিকা বা ইরান এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানায়নি ইসলামাবাদকে।
পশ্চিম এশিয়ায় অস্থিরতা কাটাতে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে মধ্যস্থতা শুরু করেছে ইসলামাবাদ। আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ার প্রাথমিক পর্ব থেকেই দৌত্য করছে পাকিস্তান। আমেরিকাও তাদের শর্তাবলি পাকিস্তান মারফতই পাঠিয়েছিল ইরানকে। গত সপ্তাহে আমেরিকা এবং ইরানের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকেরও আয়োজন করেছিল পাকিস্তান। কিন্তু সেই বৈঠক ভেস্তে গিয়েছে।






