
আমেরিকা এখন মাদক চক্রগুলোর সঙ্গে সশস্ত্র সংঘাতে লিপ্ত বলে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার উপকূলে সাম্প্রতিক সামরিক হামলার পর কংগ্রেসে পাঠানো এক নোটিশে তাঁর প্রশাসন এ তথ্য জানিয়েছে।
আমেরিকা প্রশাসন সম্প্রতি ক্যারিবীয় সাগরে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে একাধিক সামরিক জাহাজ মোতায়েন করেছে। এতে ভেনেজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে উত্তেজনা আরও বাড়ছে। পেন্টাগনের নোটিশে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প মাদক চক্রগুলোকে অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছেন এবং সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছেন। তাদের কার্যক্রমকে আমেরিকার বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ হিসেবেও বর্ণনা করা হয়েছে। সন্দেহভাজন পাচারকারীদের অবৈধ যোদ্ধা হিসেবেও উল্লেখ করা হয়েছে নোটিশে। হোয়াইট হাউসের এক আধিকারিক জানিয়েছেন, গত ১৫ সেপ্টেম্বরের এক হামলার পর কংগ্রেসে এই নোটিশ পাঠানো হয়েছে।
এটি আইনি বাধ্যবাধকতা, তবে এতে নতুন কোনও তথ্য নেই। এদিকে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো জানিয়েছেন, তাঁদের উপকূল থেকে মাত্র ৭৫ কিলোমিটার দূরে পাঁচটি আমেরিকান যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে। তিনি একে উস্কানি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন।








