
ইরানের বিরুদ্ধে এবার সবচেয়ে ধবংসাত্মক ক্ষেপণাস্ত্র ‘কালো ঈগল’ নামানোর প্রস্তুতি শুরু করে দিল আমেরিকা। ইতিমধ্যেই পশ্চিম এশিয়ায় মার্কিন অস্ত্রভান্ডারের সবচেয়ে ধবংসাত্মক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে তারা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম পেন্টাগনকে অনুরোধ করে এই ক্ষেপণাস্ত্রকে পশ্চিম এশিয়ায় মোতায়েন করার অনুমতি দেওয়া হোক। শুধু তাই নয়, ইরানে এই ক্ষেপণাস্ত্র ব্যবহারেরও অনুমতি চাওয়া হয়েছে। আর তারপরই পশ্চিম এশিয়ায় ‘কালো ঈগল’ মোতায়েনের কাজ শুরু হয়ে গিয়েছে বলে দাবি।
এত দিন পর্যন্ত আমেরিকা ‘প্রিসিশন স্ট্রাইক মিসাইল’ বা পিআরএসএম-কে হামলার জন্য কাজে লাগাচ্ছিল। যে ক্ষেপণাস্ত্র ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। কিন্তু ইরানের অস্ত্রভান্ডারের নাগাল পেতে এবার ‘কালো ঈগল’-এর প্রয়োজন পড়ল। যা শব্দের চেয়ে পাঁচ গুণ গতিতে লক্ষ্যবস্তুতে হামলা করতে পারে। এই ক্ষেপণাস্ত্র ঘণ্টায় ৬১৭৪ কিলোমিটার বেগে হামলা চালাতে সক্ষম। এছাড়াও এই ক্ষেপণাস্ত্র ২৭৮০ কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুকে অনায়াসে ধ্বংস করতে পারে।









