
আমেরিকা ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার বিষয় ভাবছে বলে কয়েকটি মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ছেলের বিয়েতে যোগ দিতে এ সপ্তাহান্তে সফরে না যাওয়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ খবর সামনে আসে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সরকার-সংশ্লিষ্ট পরিস্থিতি ও আমেরিকার প্রতি তার ভালোবাসা ও দায়িত্ববোধের কারণে তার পক্ষে এই অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেছেন, হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ সময় পার করার জন্য ওয়াশিংটন ডিসি-তে অবস্থান করা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে খবর, ইরানে নতুন হামলার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
বলা হয়েছে, আলোচনা এখনো চালু রয়েছে। আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা পাকিস্তান সমঝোতার চেষ্টা হিসেবে তাদের সেনাপ্রধানকে তেহরানে পাঠিয়েছে। এ বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, ইরান যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে তার পরিণতি কী হতে পারে, সে বিষয়ে প্রেসিডেন্ট স্পষ্ট অবস্থান জানিয়েছেন। এর আগে,হোয়াইট হাউস ট্রাম্পের সপ্তাহান্তের পরিকল্পনায় পরিবর্তনের ঘোষণা করে জানিয়েছে, তিনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী নিউ জার্সির গলফ রিসোর্টে যাচ্ছেন না। তিনি আমেরিকার রাজধানী ওয়াশিংটনেই অবস্থান করবেন।








