
শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ঘুষকাণ্ডের তদন্তে সরাসরি ভারত সরকারের সাহায্য় চেয়েছে আমেরিকার নিয়ন্ত্রক সংস্থা। আমেরিকার আদালত গৌতম এবং তাঁর ভাইপো সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।
ভারতের বিভিন্ন রাজ্যে সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে বিভিন্ন সরকারি আধিকারিকদের আদানি গোষ্ঠী ২ হাজার কোটি টাকার বেশি ঘুষ দিয়েছিল বলে অভিযোগ ওঠে। আমেরিকার বাজার থেকে তোলা টাকাতেই ঘুষ দেওয়া হয়েছিল এবং বিনিয়োগকারীদের কাছে সেই তথ্য গোপন রাখা হয়েছিল বলে জানা যায়। সেই নিয়ে আমেরিকার আদালত গৌতম, সাগর এবং তাঁদের সংস্থার আরও কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। বুধবার নিউ ইয়র্ক আদালতে সেই নিয়ে ফের শুনানি চলাকালীন এসইসি জানায়, আদানিরা ভারতের নাগরিক। ভারতেই ব্যবসা। তাই গোটা বিষয়টিতে ভারতের আইনমন্ত্রকের সাহায্য চাওয়া হয়েছে।
আদানিদের সেই মর্মে নোটিস দিতে বলা হয়েছে বলেও জানিয়েছে এসইসি -র কাউন্সেল ক্রিস্টোফার এম কলোরাডো সেই মর্মে বিবৃতিতে জানিয়েছেন, এসইসি অভিযুক্তদের নোটিস দেওয়ার চেষ্টা করছে।
