
সমঝোতা ছেড়ে ফের সংঘাতের পথে হেঁটেছে আমেরিকা এবং ইরান। সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে সেই হরমুজ প্রণালীই। বুধবার হরমুজ উপকূলবর্তী ইরানের সামরিক ঘাঁটি এবং ক্ষেপণাস্ত্রকেন্দ্রগুলি লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা।
প্রথম হামলার ৯ ঘণ্টা পর দ্বিতীয় বার হামলা চালানোর কথা জানিয়েছে মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড। আমেরিকার জোড়া হামলার পরেই এই বিষয়ে মুখ খুলেছে ইরান।
শান্তিসমঝোতার বিষয়ে আমেরিকার সঙ্গে দৌত্য চালানো ইরানের দূত মহম্মদ বাকের কালিবাফ বলেছেন, ইরান আমেরিকার সঙ্গে অস্তিত্বরক্ষার লড়াই করছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের তরফে জানানো হয়েছে, তারা বাহরিন, কুয়েত এবং জর্ডনের মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানের সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, মার্কিন হামলার পর সে দেশের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
