
শ্বেতাঙ্গ নির্যাতনের ঘটনায় সঠিক তদন্ত না হওয়া অবধি দক্ষিণ আফ্রিকাকে সবরকম সাহায্য দেওয়া বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ আফ্রিকায় প্রচুর শ্বেতাঙ্গ কৃষককে হত্যার অভিযোগ উঠেছিল।
তাঁদের জমি জবরদখলেরও অভিযোগ উঠেছিল। যদিও সেগুলির সত্যতা প্রমাণিত হয়নি। ট্রাম্প সেই সময় অসমর্থিত সূত্রে পাওয়া ওই দাবিগুলির তদন্তের কথা বলেছিলেন। এ বার দ্বিতীয় বার আমেরিকার ক্ষমতায় এসেও দক্ষিণ আফ্রিকাকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি। যদিও সরাসরি শ্বেতাঙ্গ-নির্যাতনের অভিযোগ তোলেননি আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্প লিখেছেন, দক্ষিণ আফ্রিকা নির্দিষ্ট এক শ্রেণির লোকদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করছে এবং জমি দখল করে নিচ্ছে। তিনি আরও লেখেন,যদি খুব কম করেও বলা হয়, তা হলে উল্লেখ করতে হবে একটি ব্যাপক আকারে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। সবার চোখের সামনেই তা ঘটছে। আমেরিকা এটিকে সমর্থন করে না। এর পরেই তিনি জানান, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে সবরকম আর্থিক সাহায্য বন্ধ করে দেবে আমেরিকা।
বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় আর্থিক সাহায্য পাঠায় আমেরিকা। হোয়াইট হাউসের পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকাকে ৪৪ কোটি ডলার আর্থিক সাহায্য পাঠিয়েছে আমেরিকা।
