গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ভেনেজুয়েলার ইউরেনিয়াম নিয়ে গেলো আমেরিকা

    ভেনেজুয়েলার ইউরেনিয়াম নিয়ে গেলো আমেরিকা

    0
    22
    ছবি সৌজন্যে : এক্স

    ইউরেনিয়াম ইস্যুতে ইরানের সঙ্গে সংঘাতে কাঙ্ক্ষিত অগ্রগতি না হলেও, ভেনেজুয়েলার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সরিয়ে নিতে সক্ষম হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান তাদের এক রিপোর্টে এ খবর জানিয়েছে।

    খবরে বলা হয়েছে, মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে, ট্রাম্পের দৃঢ় নেতৃত্বে ভেনেজুয়েলার একটি পুরোনো গবেষণা রিয়্যাক্টর থেকে ১৩ দশমিক ৫ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ করা হয়েছে। আমেরিকা, ব্রিটেন ও ভেনেজুয়েলার যৌথ অভিযানে এই পদক্ষেপ নেওয়া হয়। রিপোর্ট অনুযায়ী,রাজধানী কারাকাস থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের একটি স্থাপনা থেকে ইউরেনিয়াম সরানো হয়। ভেনেজুয়েলা সরকার বলেছে, চলতি বছরের জানুয়ারিতে মার্কিন সামরিক অভিযানের পর ওই এলাকায় ঝুঁকি বেড়ে যাওয়ায় এই অপসারণ জরুরি হয়ে পড়ে।

    মার্কিন ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসক ব্রান্ডন উইলিয়ামস বলেছেন, ভেনেজুয়েলা থেকে নিরাপদে সব সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার মাধ্যমে দেশটির পুনর্গঠন ও পুনরুদ্ধারে বিশ্বকে আরেকটি বার্তা দিয়েছে আমেরিকা। ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি জানিয়েছে, জটিল ও সংবেদনশীল এই অভিযানে ইউরেনিয়াম নিরাপদে স্থল ও সমুদ্রপথে দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকায় স্থানান্তর করা হয়েছে। পরে তা আমেরিকার সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে জ্বালানি বিভাগের একটি স্থাপনায় নেওয়া হয়।