
আমেরিকার কাছে ভারতই হল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেশ। ভারতের সঙ্গে বন্ধুত্ব আমেরিকার কাছে যতটা গুরুত্বপূর্ণ, ততটা আর কোনও দেশের ক্ষেত্রেই নয়।
সিলিকন, সেমিকন্ডাক্টর এবং কৃত্রিম মেধা প্রযুক্তিতে ভারতের সঙ্গে জোট বাঁধতে চায় আমেরিকা। এই ঘোষণা করেছেন ভারতে নিযুক্ত হবু মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। তিনি জানিয়েছেন আন্তর্জাতিক ওই জোটে পূর্ণ সময়ের সদস্য হওয়ার জন্য ভারতকে আমন্ত্রণ জানাবে আমেরিকা।সিলিকন, সেমিকন্ডাক্টর এবং কৃত্রিম মেধা প্রযুক্তিতে কোনও একটি দেশের উপর নির্ভরতা কমানোর জন্য এই জোট তৈরি করেছে ওয়াশিংটন।গত বছরের ডিসেম্বরেই এই জোটের আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে। আমেরিকার নেতৃত্বাধীন এই প্যাক্স সিলিকা জোটে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, ইজ়রায়েল, সংযুক্ত আরব আমিরশাহি এবং অস্ট্রেলিয়া। এ বার ভারতকেও ওই জোটের সদস্য করতে চায় আমেরিকা।সোমবার মার্কিন দূতাবাস থেকে গোর বলেছেন, আগামী মাসে ভারতকে এই জোটের পূর্ণ সদস্য হিসেবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে।এ কথা ঘোষণা করতে পেরে তিনি আনন্দিত।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বৃত্তের একজন বলেই পরিচিত গোর। নভেম্বরে হোয়াইট হাউসে ভারতের রাষ্ট্রদূত হিসাবে শপথ নেন তিনি। তার আগেই অক্টোবরে ভারত থেকে ঘুরে গিয়েছিলেন গোর। বৈঠক করে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে।





