
স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং পরিবারের অন্য সদস্যদের নিয়ে আমেরিকাকে ফের জগৎসভায় শ্রেষ্ঠ করে তোলার আশ্বাস দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মঞ্চে সঙ্গে ছিলেন আমেরিকার সম্ভাব্য হবু ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও।
মঞ্চে উঠেই বিপুল জয়ের জন্য আমেরিকাবাসীকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেছেন, সমালোচকদের ভুল প্রমাণিত করে তাঁরা জয়ী হতে চলেছেন। আমেরিকা অভূতপূর্ব এবং শক্তিশালী রায় দিয়েছে। তার পরেই ফের আমেরিকাকে আবার শ্রেষ্ঠ করার স্লোগানটি দেন ট্রাম্প। ট্রাম্প যখন ভাষণ দিচ্ছেন, তখন তাঁর সমর্থকেরা একনাগাড়ে আমেরিকা-আমেরিকা স্লোগান দিতে থাকেন। ট্রাম্প উদ্বেলিত সেই সমর্থকদের উদ্দেশে বলেন, সব সমস্যার সমাধান করা হবে। আমেরিকার সোনালি যুগ ফিরিয়ে আনা হবে। ট্রাম্প বলেছেন, আমেরিকার নতুন সরকার সীমান্ত বন্ধ করে অনুপ্রবেশ কঠোর হাতে রুখবে। নিজের রাজনৈতিক সাফল্যের জন্য পরিবার, বিশেষত স্ত্রী মেলানিয়াকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প।
ট্রাম্পের পরে বক্তব্য রাখতে ওঠেন তাঁর রানিং মেট, হবু ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। তিনি জানান, এই ধরনের রাজনৈতিক প্রত্যাবর্তন প্রায় বিরল।
ছবি সৌজন্যে : এক্স
