
আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে আমেরিকান ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার করলেই শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিকস অন্তর্ভুক্ত দেশ তথা ভারত, চিন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা সহ অন্যান্য দেশকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
অক্টোবরে ব্রিকসের বৈঠকে সদস্য দেশগুলি আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে অন্য দেশের মুদ্রা ব্যবহারে জোর দিয়েছে। তারপরেই ট্রাম্প সমাজমাধ্যমে একটি পোস্ট দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, আমেরিকান ডলারের বদলে অন্য মদ্রা ব্যবহার করলে শুল্ক চাপানো হবে। তিনি লিখেছেন, আমেরিকান ডলার থেকে ব্রিকসের সদস্য দেশগুলি যে সরে যাওয়ার চেষ্টা করছে, তা দাঁড়িয়ে দেখার দিন শেষ। এই দেশগুলিকে কথা দিতে হবে যে, তারা কোনও দিন নতুন ব্রিকস মুদ্রা তৈরি করবে না, আমেরিকান ডলারের পরিবর্তে অন্য কোনও দেশের মুদ্রা ব্যবহার করবে না। তারা তা যদি করে, তা হলে আমেরিকায় কিছু বিক্রি করতে চাইলে সেই পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানো হবে। তিনি আরও জানিয়েছেন, ব্রিকসের সদস্য দেশগুলি যতই অন্য দেশের মুদ্রা প্রচলনের চেষ্টা করুক, আন্তর্জাতিক বাজারে কখনওই তা আমেরিকান ডলারকে টেক্কা দিতে পারবে না।
কোনও দেশ যদি সেই চেষ্টা করে, তা হলে তাকে বিদায় জানাবে আমেরিকা। আমেরিকার সঙ্গে লেনদেন করতে পারবে না ওই দেশ।
