
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় যদি নতুন কোনো চুক্তি না হয়, তাহলে আমেরিকা ইরানের বিরুদ্ধে হামলায় দলের নেতৃত্ব দেবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশিত টাইম ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন।সাক্ষাৎকারটি ২২ এপ্রিল নেওয়া হয়েছিল। তবুও প্রেসিডেন্ট ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে একটি চুক্তি হতে পারে।
পাশাপাশি তিনি জানিয়েছেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা অথবা প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতেও রাজি আছেন। টাইমকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, হয়তো আক্রমণ করতে হতে পারে, কারণ ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।এই নতুন হুমকি এমন সময়ে এলো,যখন ওয়াশিংটন ও তেহরান পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং ওমানে তৃতীয় দফার বৈঠক নির্ধারিত রয়েছে।শেষবার রোমে হওয়া বৈঠকের শেষে উভয় পক্ষ আশাবাদ প্রকাশ করেছিল, যদিও কোনো বিস্তারিত তথ্য তারা জানায়নি।এই আলোচনা থেকে ইরানের চিরশত্রু ইসরায়েলকে এখনো বাইরে রাখা হয়েছে, যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর বলেছেন,
তাঁরা প্রতিটি বিষয়ে একই পক্ষে রয়েছেন।টাইম ম্যাগাজিন, প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করে জানতে চেয়েছিল,তিনি কি ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে একতরফা হামলা চালানো থেকে বিরত রেখেছিলেন? জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তা ঠিক নয়।তিনি তাদের থামাননি। তবে তিনি ইরানের জন্য পরিবেশটা আরামদায়কও করেন নি।
