
ভারতকে সামরিক সহায়তা দেবে আমেরিকা। সে দেশের বিদেশ দফতর জানিয়েছে, তারা ৪২ কোটি ২৮ লক্ষ মার্কিন ডলারের অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৪১২৯ কোটি টাকা সামরিক সরঞ্জাম বিক্রি করবে ভারতকে। মূলত, দুই সমরাস্ত্রের রক্ষণাবেক্ষণ সহায়তার বিষয়ে অনুমোদন দিয়েছে আমেরিকা।
খবর, এএইচ-৬৪ই অ্যাপাচে হেলিকপ্টার এবং এম-৭৭৭ এ২ আল্ট্রা লাইট হাউইৎজ়ার অন্তর্ভুক্ত রয়েছে। জানা গেছে, আমেরিকা মূলত একটি রক্ষণাবেক্ষণ প্যাকেজ বিক্রি করছে ভারতকে। সেই প্যাকেজের মধ্যে রয়েছে হাউইৎজ়ারের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ সহায়তা। আনুষঙ্গিক সামগ্রী, অতিরিক্ত যন্ত্রাংশ, মেরামত, প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা-সহ নানা বিষয় নিয়ে সাজানো হয়েছে প্যাকেজটি।
আমেরিকার কাম্বিয়ার বিএই সিস্টেম নামক সংস্থা হাউইৎজ়ারের রক্ষণাবেক্ষণ সহায়তার দায়িত্বে থাকবে।আর অ্যাপাচে হেলিকপ্টার সহায়তা করবে মার্কিন সংস্থা বোয়িং এবং লকহিড মার্টিন। আমেরিকার বিদেশ দফতরের পাশাপাশি প্রতিরক্ষা দফতরও বিবৃতি দিয়ে এই সামরিক সহায়তা ভারতকে বিক্রি করার অনুমোদন দেওয়ার বিষয়টি জানিয়েছে। উভয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার কৌশলগত পদক্ষেপের কথা। সেই পদক্ষেপের অংশ হিসাবেই ভারতকে সামরিক সহায়তায় অনুমোদন দেওয়া হয়েছে।








