উত্তরপ্রদেশ সীমান্তে গ্রেফতার মার্কিন নাগরিক

0
19
ছবি সৌজন্যে : এক্স
অবৈধ ভাবে নেপালে ঢোকার সময় উত্তরপ্রদেশ সীমান্তে গ্রেফতার হয়েছেন এক মার্কিন নাগরিক। ৩৬ বছর বয়সি ওই মার্কিন নাগরিকের নাম জর্ডন ব্রাউন। শনিবার নেপাল-উত্তরপ্রদেশ সীমান্তে টহল দেওয়ার সময় ব্রাউনকে গ্রেফতার করেন সশস্ত্র সীমা বল-এর আধিকারিকেরা।
উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার সানাউলি থানা এলাকা থেকে ব্রাউনকে গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মহারাজগঞ্জ জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, অবৈধ ভাবে নেপালে ঢোকার চেষ্টা করেছিলেন ওই যুবক। জিজ্ঞাসাবাদের সময় তাঁকে বৈধ অনুমতিপত্র দেখাতে বলা হলেও তিনি পুলিশকে পাসপোর্ট, ভিসা বা অন্য কোনও নথি দেখাতে পারেননি।
জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে ব্রাউন আদতে আমেরিকার ক্যালিফর্নিয়ার বাসিন্দা। পর্যটন ভিসা নিয়ে তিনি থাইল্যান্ডে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে তিনি পাসপোর্ট হারিয়ে ফেলেন বলে দাবি করেছেন ব্রাউন। তার পর তাইল্যান্ড থেকে জলপথে শ্রীলঙ্কায় গিয়েছিলেন তিনি। গত বছর ২ নভেম্বর সমুদ্রপথে তিনি গোয়ায় আসেন। অর্থাৎ, আট মাসেরও বেশি সময় ধরে অবৈধ ভাবে ভারতে বসবাস করছিলেন। ধরা পড়ার পর ব্রাউন পুলিশের কাছে দাবি করেন যে, তিনি মার্কিন নৌসেনার প্রাক্তন আধিকারিক। তাঁর এই দাবির সত্যাসত্য যাচাই করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।