
মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজের পরিকল্পনার ক্ষেত্রে ভিসা আবেদনকারীরা নতুন করে সমস্যার মুখে পড়েছেন। মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট ও প্রসেসিং ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ইউএসট্রাভেলডকস.কম-এ চলমান প্রযুক্তিগত ত্রুটির কারণে বিশ্বের বিভিন্ন দেশে ভিসা আবেদন, ফি জমা এবং সাক্ষাৎকারের সময় নির্ধারণে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে।
অভিবাসন বিশেষজ্ঞদের মতে, গত কয়েক সপ্তাহ ধরে ওয়েবসাইটটির প্রযুক্তিগত সমস্যা ক্রমশ বেড়েছে। এর ফলে বহু আবেদনকারী অনলাইনে লগইন করতে, ভিসা ফি পরিশোধ করতে কিংবা সাক্ষাৎকারের তারিখ বুক করতে পারছেন না। কিছু ক্ষেত্রে আবেদন প্রক্রিয়াও মাঝপথে আটকে যাচ্ছে।
ইউএসট্রাভেলডকস.কম এর পোর্টালে বর্তমানে একটি সতর্কবার্তা দেখানো হচ্ছে, যেখানে জানানো হয়েছে যে শিডিউলিং সিস্টেমে প্রযুক্তিগত সমস্যা রয়েছে এবং ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের ত্রুটির সম্মুখীন হতে পারেন। সাধারণত বি ১ / বি ২, এফ ১, এইচ ১ বি-এর মতো ভিসা আবেদনকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
