
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বার প্রেসিডেন্ট হিসাবে আমেরিকার কুর্সিতে বসেছেন তিন মাসও পূরণ হয়নি। তার মধ্যেই তাঁকে ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়েছে দিকে দিকে। ট্রাম্পের নীতির বিরুদ্ধে সরব হয়ে রাস্তায় নেমেছেন হাজার হাজার আমেরিকান। ভিড় উপচে পড়েছে নিউ ইয়র্ক, কলোরাডো, হিউস্টন, লস অ্যাঞ্জেলেস এমনকি, খাস ওয়াশিংটনের রাস্তাতেও। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে দিতে মিছিল করছেন মানুষ।
আমেরিকার ৫০টি প্রদেশের অন্তত ১ হাজার ২০০টি এলাকায় শনিবার মিছিল এবং জমায়েত হয়েছে। বার্তা একটাই, আমেরিকার কোনও রাজা নেই। আমেরিকায় ফ্যাসিবাদ চলবে না। ট্রাম্প দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর এটাই আমেরিকায় সবচেয়ে বড় বিরোধী বিক্ষোভ। ক্ষমতায় আসার পর একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।
প্রশাসনে পর পর কর্মীছাঁটাই থেকে শুরু করে অভিবাসীদের দেশে ফেরত পাঠানো, মার্কিন নাগরিকত্বের জন্য নতুন নিয়ম চালু কিংবা অতি সম্প্রতি তাঁর শুল্কনীতি— শুধু আমেরিকায় নয়, সারা বিশ্বে ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার করেছে। যে কারণে শনিবার আমেরিকার বাইরে কোথাও কোথাও বিক্ষোভ দেখা গিয়েছে। ট্রাম্প-বিরোধী মিছিল বেরিয়েছে লন্ডন এবং বার্লিনেও।





